পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ দেয়ায় কোম্পানিটিকে ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামী রোববার থেকে পরিবর্তিত ক্যাটাগরিতে লেনদেন করবে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত বছরের ২৪ নভেম্বর অনুষ্ঠিত পর্ষদ সভা থেকে ২০২১ হিসাব বছরের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছিল এসএস স্টিলের পরিচালনা পর্ষদ। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ছাড়া বাকি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ ও সব শেয়ারহোল্ডারকে ৮ শতাংশ বোনাস বা স্টক লভ্যাংশ। পরবর্তী সময়ে বার্ষিক সাধারণ সভায় নগদ লভ্যাংশ অনুমোদন পায়। আর স্টক লভ্যাংশের জন্য সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি অনুমোদন পায় কোম্পানিটি। অনুমোদন পাওয়ার পর সম্প্রতি এ বোনাস লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বিও হিসাবে হস্তান্তর করে কোম্পানিটি।










