যুক্তরাজ্যের নিউক্যাসলের নিকটবর্তী একটি ছোট্ট শহরে সাড়ে ছয় শতাধিক বাড়িতে প্রথমবারের মতো জাতীয় গ্যাস গ্রিডে হাইড্রোজেন যুক্ত করা হবে। অত্যধিক দূষিত এলাকাগুলোতে কার্বন নিঃসরণ হ্রাসে জ্বালানি সংস্থাগুলোর অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।

২০২১ সালের প্রথম প্রান্তিকের শেষে গেটসহেডের উইনলাটন শহরের প্রাকৃতিক গ্যাস নেটওয়ার্কে ২০ শতাংশ পর্যন্ত হাইড্রোজেন মিশ্রিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।

যুক্তরাজ্যের বাসাবাড়িগুলোতে শীতের সময় ঘর গরম রাখার জন্য বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস পোড়ানো হয়। গত বছর দেশটিতে কার্বন নিঃসরণকারী খাতগুলোর মধ্যে শিল্প ও পরিবহন খাতের পরই ছিল বাসাবাড়ি। যুক্তরাজ্যের ৮৫ শতাংশ বাসাবাড়ি, ৬৩ শতাংশ সরকারি এবং বাণিজ্যিক ভবন ও স্থাপনায় দূষিত প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়।

প্রাকৃতিক গ্যাসের সরকারি গ্রিডে হাইড্রোজেন গ্যাস ব্যবহারকে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। প্রথমবারের মতো যুক্তরাজ্যে মাঠ পর্যায়ে পরীক্ষা করে দেখা হবে হাইড্রোজেন গ্যাস ব্যবহারে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কতটা কমানো সম্ভব। যেখানে এ গ্যাস পোড়ানোর সময় কোনো গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হয় না।

যুক্তরাজ্যের স্থানীয় গ্যাস পরিকাঠামো থাকা নর্দার্ন গ্যাস নেটওয়ার্কস ও ক্যাডেন্টের মতো জ্বালানি সংস্থাগুলো গবেষণা করে দেখছে, ২০৫০ সালের মধ্যে যুক্তরাজ্যের নিট জিরো এমিশন লক্ষ্য পূরণে প্রচলিত গ্যাসের স্থলে হাইড্রোজেন ব্যবহার করা যায় কিনা।

গত ডিসেম্বরে ব্রিটিশ মন্ত্রীরা ২০৩০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত রিয়েল এস্টেটে কার্যকরভাবে নতুন গ্যাস বয়লার স্থাপন নিষিদ্ধ করে সেগুলো কম কার্বন নিঃসরণকারী ব্যবস্থা যেমন বৈদ্যুতিক হিট পাম্প বা হাইড্রোজেন দিয়ে প্রতিস্থাপনের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন।

এরই মধ্যে যুক্তরাজ্যে বেশ কয়েকটি স্থানে প্রাকৃতিক গ্যাসের পরিবর্তে হাইড্রোজেন ব্যবহারের পরীক্ষা চলছে। তবে এগুলোর বেশির ভাগই নির্জন বা পরিত্যক্ত বেসরকারি নেটওয়ার্ক।