চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৫০ সূচক সমন্বয় করা হয়েছে। পরিবর্তিত সূচকে নতুন তিনটি কোম্পানিকে যুক্ত করা হয়েছে, বাদ গেছে সূচকভুক্ত আগের তিন কোম্পানি। সমন্বয়-পরবর্তী সূচক কার্যকর হবে আগামী ১ নভেম্বর থেকে।

নতুন করে যুক্ত কোম্পানিগুলো হচ্ছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড। সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হচ্ছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

উল্লেখ, সিএসই-৫০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মোট মূলধনের প্রায় ৫৫ দশমিক ৭৫ শতাংশ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সব নিবন্ধিত কোম্পানির ফ্রি-ফ্লোট বাজার মূলধনের ৫৯ দশমিক শূন্য ৯ শতাংশ। সব নিবন্ধিত কোম্পানির বিগত ছয় মাসের (৩০ জুন পর্যন্ত) দৈনিক গড় লেনদেন হলো ৪০ দশমিক ৮৩ ভাগ।