সংযুক্ত আরব আমিরাতের চারটি বৃহত্তম ব্যাংকে চলতি বছরের প্রথমার্ধে মুনাফা বেড়েছে। মুডিস ইনভেস্টরস সার্ভিসের জানায়, ব্যাংকগুলোর উচ্চ সুদহার ও অর্থনৈতিক গতিশীলতার কারণে এ প্রবৃদ্ধি হয়েছে। মুডিসের প্রতিবেদন অনুযায়ী, ফার্স্ট আবুধাবি ব্যাংক, এমিরেটস এনবিডি, আবুধাবি কমার্শিয়াল ব্যাংক ও দুবাই ইসলামিক ব্যাংক সম্মিলিতভাবে ৭৪০ কোটি ডলার নিট মুনাফা অর্জন করেছে। খবর দ্য ন্যাশনাল নিউজ।

ব্যাংকগুলো যা সংযুক্ত আরব আমিরাতের মোট ব্যাংকিং সম্পদের ৭৭ শতাংশ প্রতিনিধিত্ব করে। তাদের সম্মিলিত নিট সুদ আয় বার্ষিক ৩৭ শতাংশ বেড়েছে। ফ্রান্সেসকা পাওলিনোর নেতৃত্বে মুডিজ বিশ্লেষকরা জানান, সুদের আয়ের বৃদ্ধি তহবিল ব্যয় বৃদ্ধিকে ছাড়িয়েছে। কম খরচে চলতি ও সঞ্চয়ী অ্যাকাউন্ট খোলার সুবিধা ব্যাংকের তহবিল তৈরিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। ফলে নিট ইন্টারেস্ট মার্জিন (এনআইএম) ২০২৩ সালের প্রথমার্ধে ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে, যা গত বছরে ১ দশমিক ৯ শতাংশ ছিল।

ব্যাংকগুলোর জন্য সামগ্রিক সুদবিহীন আয় বছরে ৪১ শতাংশ বেড়েছে। প্রাথমিকভাবে ট্রেডিং ও ফি-ভিত্তিক ব্যাংক কার্যক্রমে উল্লেখযোগ্য লাভের কারণে প্রথমার্ধে বার্ষিক ১১ শতাংশ বেড়েছিল। মিস পাওলিনো আরো জানান, ব্যাংকগুলোর উল্লেখযোগ্য মুনাফা বৃদ্ধি সুদ ও সুদবিহীন উভয় আয়ের ক্ষেত্রে শক্তিশালী প্রবৃদ্ধিকে দেখিয়েছে। ইতিবাচক এ প্রবণতা ভোক্তাদের আস্থা, জ্বালানি তেলের উচ্চ দাম এবং সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য, পর্যটন ও আবাসন খাতের মতো সমৃদ্ধ জ্বালানি তেলবহির্ভূত খাত দ্বারা পরিচালিত।

সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি কভিড-১৯ মহামারী-পরবর্তী পুনরুদ্ধার করার সঙ্গে সঙ্গে নিজেদের প্রবৃদ্ধির গতিকে অব্যাহত রেখেছে।