২০২১-২২ বিপণন মৌসুমে অস্ট্রেলিয়ার খাদ্যশস্য উৎপাদন নতুন উচ্চতায় বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এ সময় নিউ সাউথ ওয়েলস ও পশ্চিম অস্ট্রেলিয়ার খাদ্যশস্য আবাদি অঞ্চলগুলোতে পর্যাপ্ত বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। পরিস্থিতি অনুকূলে থাকলে চলতি মৌসুমে দেশটির খাদ্যশস্য উৎপাদন পাঁচ কোটি টনের গণ্ডি ছাড়িয়ে যাবে। পণ্য সেবাদাতা প্রতিষ্ঠান আইকন কমোডিটিস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অপ্রত্যাশিত কোনো ঘটনা না ঘটলে এটি হবে টানা দুই বছরের সর্বোচ্চ উৎপাদন। দেশটির শীতকালীন প্রধান চারটি শস্য গম, যব, সরিষা ও ছোলা পাঁচ কোটি টনেরও বেশি উৎপাদন হতে পারে।

আইকন জানায়, অনুকূল আবহাওয়ায় অস্ট্রেলিয়ার কৃষকরা আশাবাদী। আগামী বসন্ত পর্যন্ত আবাদ উপযোগী আবহাওয়া বজায় থাকবে বলে মনে করছেন তারা। গত বছর অস্ট্রেলিয়ায় রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হয়েছিল। উৎপাদনের পরিমাণ ছিল ৫ কোটি ৪০ লাখ টন। চলতি বছর উৎপাদন এ রেকর্ডকেও ছাড়িয়ে যাবে বলে জানায় আইকন।

প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর অস্ট্রেলিয়ায় ৩ কোটি ৩০ লাখ টন গম উৎপাদন হবে। এটি গত ১০ বছরের গড় উৎপাদনের চেয়েও বেশি। তবে গত মৌসুমের তুলনায় উৎপাদন ৬ দশমিক ৫ শতাংশ হ্রাস পেতে পারে। যব উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ১ কোটি ১৭ লাখ ৭০ হাজার টনে। এছাড়া দেশটি ৫২ লাখ ৩০ হাজার টন সরিষা উৎপাদনে সক্ষম হবে বলে জানায় আইকন।