চলতি বছরে রেকর্ড পরিমাণ জ্বালানি তেল উত্তোলন করেছে পূর্ব এশিয়ার দেশ মঙ্গোলিয়া। ৪ ডিসেম্বর পর্যন্ত দেশটি ৬৩ লাখ ৯০ হাজার ব্যারেল বা ৮ লাখ ৬৭ হাজার ১০০ টন জ্বালানি তেল উত্তোলন করেছে। দেশটির খনি ও ভারী শিল্পবিষয়ক মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া।
উত্তোলন করা জ্বালানি তেলের বেশির ভাগই প্রতিবেশী দেশ চীনে রফতানি করে মঙ্গোলিয়া। নিজস্ব কোনো পরিশোধন কেন্দ্র না থাকায় অধিকাংশ জ্বালানি তেল রফতানি করে দেশটি। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরে উত্তোলন করা এসব জ্বালানি তেলের মধ্যে এরই মধ্যে চীনের বাজারে ৬০ লাখ ৯০ হাজার ব্যারেল বা ৮ লাখ ২৭ হাজার ৭০০ টন রফতানি করেছে দেশটি; যা থেকে আয় করেছে ২১ হাজার ২০ কোটি তুগরিক (স্থানীয় মুদ্রা) বা ৭ কোটি ৭০ লাখ ডলার।
চলতি বছরে মঙ্গোলিয়া ৮১ লাখ ৫০ হাজার ব্যারেল বা ১১ লাখ টন জ্বালানি তেল উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করেছে, যা থেকে দেশটি ৩৩ হাজার ৫৬০ কোটি তুগরিক বা ১২ কোটি ৩০ লাখ ডলার আয় করতে চায়। এর মধ্যে ৪ ডিসেম্বর পর্যন্ত মঙ্গোলিয়া ৭৮ দশমিক ৫ শতাংশ উত্তোলন লক্ষ্য ও ৭৪ দশমিক ৮ শতাংশ রফতানি লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছে।









