এবার রাশিয়া থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ম্যারিয়ট। এর মাধ্যমে দেশটিতে মার্কিন হোটেল চেইনটির ২৫ বছরের উপস্থিতির অবসান ঘটছে। এর আগে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর গত মার্চে মস্কোর অফিস বন্ধ এবং দেশটিতে বিনিয়োগ স্থগিত করেছিল ম্যারিয়ট। খবর বিবিসি।

ম্যারিয়ট জানায়, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে উঠেছে। যদিও গত মার্চেই পশ্চিমা প্রতিষ্ঠানগুলো দেশটিতে কার্যক্রম স্থগিত করেছিল। এরই মধ্যে অনেক প্রতিষ্ঠান দেশটিতে ব্যবসা বিক্রি করে বেরিয়ে এসেছে। তবে এত দিন পর্যন্ত মস্কোর অফিস বন্ধ করলেও রাশিয়ায় ম্যারিয়টের কার্যক্রম চলমান ছিল। দেশটিতে সংস্থাটির তৃতীয় পক্ষের মালিকানাধীন ২২টি হোটেল রয়েছে। সে সময় সংস্থাটি রুশ কার্যক্রম স্থগিতের প্রক্রিয়াটি বেশ জটিল বলে অভিহিত করেছিল।

তবে একটি বিবৃতিতে ম্যারিয়ট বলেছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নতুন আরোপিত নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার বাজারে আমাদের কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে উঠেছে। সেখানে সরাসরি কিংবা ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে ব্যবসা চালিয়ে যাওয়া আর সম্ভব নয়। এজন্য আমরা রুশভিত্তিক সহযোগীদের সঙ্গে সহযোগিতা বাড়াতে মনোযোগ দিচ্ছি। আমরা চলমান সহিংসতার অবসান চাই।

তবে সংস্থাটি রুশ বাজার থেকে বেরিয়ে আসা নিয়ে বিস্তারিত বিবরণ প্রকাশ করেনি। এ সিদ্ধান্তের মাধ্যমে সংস্থাটি ম্যাকডোনাল্ড’স, স্টারবাকস ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হচ্ছে। ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকায় এবং রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার লক্ষ্যে পশ্চিমা দেশগুলো সংস্থাগুলোকে এমন সিদ্ধান্ত নিতে চাপ প্রয়োগ করে চলেছে। এর আগে ম্যাকডোনাল্ড’স দেশটিতে থাকা রেস্তোরাঁ বিক্রি করেছে। এছাড়া ফরাসি গাড়ি নির্মাতা সংস্থা রেনোঁ দেশটি থেকে বেরিয়ে আসার পর সংস্থাটির সম্পদ জাতীয়করণ করা হয়েছে।