বৈশ্বিক প্রতিবন্ধকতা সত্ত্বেও ঊর্ধ্বমুখী মালয়েশিয়ার অর্থনীতি। অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির ওপর ভর করে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ২ দশমিক ৯ শতাংশ জিডিপি বেড়েছে দেশটিতে। ব্যাংক নেগারা মালয়েশিয়া (বিএনএম) জানিয়েছে, শ্রমবাজারের উন্নতি, ধারাবাহিকভাবে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি ও পর্যটন কার্যক্রম বৃদ্ধির ফলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
অর্থ মন্ত্রণালয়ের মতে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকের প্রবৃদ্ধি পারফরম্যান্স গোটা বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ থেকে ৫ শতাংশে উন্নীত করতে বড় ধরনের ভূমিকা রেখেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামীতেও সম্ভবত অভ্যন্তরীণ চাহিদাই প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখবে। কর্মসংস্থান ও আয়ের সম্ভাবনা আরো বাড়ার প্রত্যাশা করা হচ্ছে।
পূর্বাভাসে বিদ্যমান ও নতুন বিনিয়োগ প্রকল্পগুলোর বাস্তবায়নের পাশাপাশি সম্ভাব্য প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে পর্যটন কর্মকাণ্ড ব্যাপক বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির অন্যতম একটি বড় কারণ ছিল পর্যটন ও পর্যটক সংখ্যা কভিড-১৯-পূর্ব পর্যায়ে ফিরে যাওয়া।










