যুক্তরাষ্ট্রের রাজনীতিতে পালাবদল ঘটেছে। নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে এখন হোয়াইট হাউজে প্রবেশের অপেক্ষায় রয়েছেন ডেমোক্র্যাট জো বাইডেন। জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নিলে বাইডেনের হাত ধরে চলমান নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রত্যাশা করছে ইরান। ফলে দেশটি থেকে অপরিশোধিত জ্বালানি তেল রফতানিতে বাধা দূর হবে। এ ভাবনা থেকে জ্বালানি পণ্যটির রফতানি বাড়াতে আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে তেহরান। খবর রয়টার্স ও সিনহুয়া।
প্রেসিডেন্ট হাসান রুহানির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির তেলকূপগুলোর সক্ষমতা অনুযায়ী উত্তোলন শুরুর প্রস্তুতি সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। তিন মাসের মধ্যে এসব কূপ পূর্ণ সক্ষমতায় ফিরতে চায়। একই সঙ্গে উত্তোলন করা জ্বালানি তেল রফতানিও বাড়াতে চায় ইরান।
পারমাণবিক অস্ত্র চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের মধ্য দিয়ে ২০১৮ সালে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞা আরোপের আগে দেশটি থেকে দৈনিক গড়ে ২৮ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হতো। পরবর্তী সময়ে নিষেধাজ্ঞার কারণে তা দৈনিক গড়ে তিন লাখ ব্যারেলের নিচে নেমে আসে।
বাইডেন ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের ইরান নীতি থেকে সরে এসে বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারেন। নির্বাচনী প্রচারণায় এমন ইঙ্গিত দিয়েছিলেন তিনি। মূলত এ সম্ভাবনা মাথায় রেখে জ্বালানি তেলের উত্তোলন ও রফতানি বাড়ানোর বিষয়ে আগাম প্রস্তুতি নিয়ে রাখছে তেহরান।










