চলতি বছরের ফেব্রুয়ারির তুলনায় মার্চে বেড়েছে ভিয়েতনামের কফি রফতানির পরিমাণ। কেবল মার্চেই আগের মাসের তুলনায় ৩৮ দশমিক ১০ শতাংশ বেড়েছে দেশটির কফি রফতানি। আর মোট রফতানির পরিমাণ ছিল ১ লাখ ৬৯ হাজার ৬২৪ টন। পাশাপাশি বেড়েছে চাল রফতানির পরিমাণও।
অন্যদিকে চলতি বছরের প্রথম তিন মাসে ৪ লাখ ৫৬ হাজার ১০ টন কফি রফতানি করে ভিয়েতনাম। এর মাধ্যমে গত বছরের একই সময়ের তুলনায় দেশটির কফি রফতানি কমেছে ১২ দশমিক ২ শতাংশ। সম্প্রতি ভিয়েতনাম সরকারের শুল্ক বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। খবর রয়টার্স।
দেশটির শুল্ক বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভিয়েতনামের কফি রফতানি আয় ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮০ কোটি ৮৭ লাখ ৫০ হাজার ডলারে।
এদিকে মার্চে ভিয়েতনামের চাল রফতানি তার আগের মাসের তুলনায় ৭৪ দশমিক ৭ শতাংশ বেড়ে ৫ লাখ ৩৯ হাজার ৪০ টনে দাঁড়িয়েছে। অন্যদিকে আগের বছরের তুলনায় বছরের প্রথম প্রান্তিকে চাল রফতানি ২৫ শতাংশ কমেছে।










