গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভায় তিনি সতর্ক করে বলেন, এ সংঘাত দ্রুত বন্ধ না হলে তা একটি ‘বৈশ্বিক বিপর্যয়ে’ রূপ নিতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের এ যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে বলে তিনি মন্তব্য করেন। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।

৭৭ বছর বয়সী এ ধনকুবের জানান, লুই ভিতো ও ডিওরের মতো নামিদামি ব্র্যান্ডগুলোর মালিকানাধীন এ প্রতিষ্ঠানের ব্যবসায়িক পুনরুত্থান এখন সম্পূর্ণভাবে মধ্যপ্রাচ্যের শান্তি পরিস্থিতির ওপর নির্ভর করছে।

আর্নল্ট বলেন, ‘বর্তমান বিশ্ব এক ভয়াবহ ও অনিশ্চিত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যা আগে থেকে অনুমান করা কঠিন। যদি এ সংঘাত দ্রুত সমাধান না হয়, তবে আমাদের বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে হবে।’

এরই মধ্যে এ যুদ্ধের প্রভাব এলভিএমএইচের ব্যবসায় পড়তে শুরু করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুদ্ধের কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) তাদের বিক্রয় প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। মার্চের শুরুতে মধ্যপ্রাচ্যের কিছু শপিং মলে তাদের পণ্যের বিক্রি প্রায় ৭০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এছাড়া হরমুজ প্রণালিতে সৃষ্ট উত্তেজনার কারণে বিশ্বব্যাপী জাহাজ চলাচল এবং জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। ফলে ক্রেতাদের কেনাকাটার আগ্রহ কমে যাচ্ছে, যা বিলাসপণ্যের বাজারের জন্য বড় হুমকি।

অনুষ্ঠানে আর্নল্ট তার উত্তরসূরি নির্বাচনের বিষয়ে বিনিয়োগকারীদের প্রশ্নের মুখে পড়েন। তবে তিনি আপাতত এ আলোচনা এড়িয়ে যান। তিনি মনে করিয়ে দেন, গত বছরই আগামী ১০ বছরের জন্য তার চুক্তি নবায়ন করা হয়েছে। বর্তমানে আর্নল্টের পাঁচ সন্তানই প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। বড় মেয়ে ডেলফাইন ডিওরের প্রধান নির্বাহী হিসেবে আছেন এবং ছোট ছেলে জঁ লুই ভিতোর ঘড়ি তৈরির বিভাগটি দেখাশোনা করছেন।

চলতি বছর এলভিএমএইচের শেয়ারের দাম প্রায় ২৬ শতাংশ কমেছে। শুধু আর্নল্টের প্রতিষ্ঠানই নয়, কেরিং, হারমেস ও রিচমন্টের মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর শেয়ারের দামও এ বছর বড় ব্যবধানে কমেছে।

আর্নল্টের মতে, বিলাসদ্রব্যের বাজারের ঘুরে দাঁড়ানো এখন পুরোপুরি মধ্যপ্রাচ্যের শান্তির ওপর নির্ভর করছে। বিশ্ব অর্থনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, সেখানে শান্তি ফিরে না এলে বিলাসজাত পণ্যের বাজারে স্থবিরতা আরো বাড়বে। এর পরিণতি খুব ভয়াবহ হবে বলে আশঙ্কা করছেন তিনি।