সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে লোকসান হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের। যেখানে আগের হিসাব বছরে মুনাফা হয়েছিল। লোকসানের কারণে সর্বশেষ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি বস্ত্র খাতের কোম্পানিটি।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে সমতা লেদারের কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৭ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল ১১ লাখ টাকা। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১০ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৩২ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৪ টাকা ৩৯ পয়সায়।
এদিকে সর্বশেষ হিসাব বছরের সব এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২৯ ডিসেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে সমতা লেদার। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের শূন্য দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সমতা লেদার। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ পয়সা। যা আগের হিসাব বছরের একই সময় ছিল ৯ পয়সা।










