চলতি বছরের জুনে উৎপাদন বেড়েছে সৌদি আরবে। গত বছরের একই মাসের তুলনায় ২০২৩ সালে ১০ দশমিক ১ শতাংশ উৎপাদন বেড়েছে। এমনটাই প্রকাশিত হয়েছে দেশটির পরিসংখ্যান বিভাগ প্রকাশিত প্রতিবেদনে। খবর আরব নিউজ।

জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকসের (জিএস্ট্যাট) সর্বশেষ প্রতিবেদন অনুসারে, সৌদির সমগ্রিক শিল্প উৎপাদন সূচক (আইপিআই) ২০২৩ সালের মে মাসের তুলনায় জুনে দশমিক ৫ শতাংশ বেড়েছে। তবে তা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ পতন। ‌২০২৩ সালের জুনে খনি ও খনন কার্যক্রম কমে জেনারেল সূচক কমেছে। ফলে সূচকে চাপ বেড়েছে। এদিকে ২০২৩ সালের জুনে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ২৫ শতাংশ বেড়েছে।

আইপিআইতে খনি ও খনন খাতে ৭৪ দশমিক ৫ শতাংশ, উৎপাদন খাতে ২২ দশমিক ৬ এবং বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ খাতের অবদান ছিল ২ দশমিক ৯ শতাংশ। তবে আইপিআই প্রবণতাগুলো খনির কার্যক্রমের ওপরই বেশি নির্ভরশীল ছিল। সৌদি আরব তার তেলের উৎপাদন প্রতিদিন ৯৯ লাখ ব্যারেলে কমানোর সিদ্ধান্ত নেয়ায় ২০২২ সালের একই মাসের তুলনায় ২০২৩ সালের জুনে খনিজ কার্যক্রম ৬ দশমিক ৫ শতাংশ কমেছে।