ইরানের রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল ইরানি অয়েল কোম্পানি (এনআইওসি) জানিয়েছে, দেশের অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন বৃদ্ধির ধারা বজায় রাখতে দেশীয় কোম্পানিগুলো ১ দশমিক ২ বিলিয়ন ডলারের চুক্তি করতে যাচ্ছে। গতকাল তেহরানে তেলমন্ত্রী বিজন নামদার জাঙ্গানেহের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল। কিন্তু চুক্তিটি হতে আরো সময় লাগবে বলে জানিয়েছে এনআইওসি। খবর ব্লুমবার্গ।
বিবৃতিতে এনআইওসি জানায়, দুটি সহযোগী সংস্থা স্থলভাগে ও উপকূলের এক ডজনেরও বেশি খনি থেকে উত্তোলন বৃদ্ধির লক্ষ্যে গত বছরের আগস্টেই ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের চুক্তি করে।
জাঙ্গানেহে গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বলেছিলেন, ইরান পরের বছর দৈনিক প্রায় সাড়ে চার মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল উৎপাদনের পরিকল্পনা করেছে। এটি বিদ্যমান উৎপাদন হারের দ্বিগুণ। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার প্রত্যাশায় নির্বাচনী ফলাফল প্রকাশ হওয়ার পর পরই ইরানের পক্ষ থেকে এমন ঘোষণা আসে।










