যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এয়ার ইন্ডিয়া। মঙ্গলবার এ মেগাচুক্তির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান দুটি। এ চুক্তির ভিত্তিতে বোয়িং থেকে উড়োজাহাজ কিনবে টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া। এর মধ্যে ১৯০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স, ২০টি বোয়িং ৭৮৭ এবং ১০টি বোয়িং ৭৭৭ এক্স। মোট ২২০টি নিশ্চিত ক্রয়াদেশের মূল্য ধরা হয়েছে ৩ হাজার ৪০০ কোটি ডলার। চুক্তিতে গ্রাহক চাহিদা হিসেবে আরো ৫০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স এবং ২০টি বোয়িং ৭৮৭ অন্তর্ভুক্ত হবে। সেগুলো নিশ্চিত হলে মোট ২৯০টি উড়োজাহাজের জন্য এয়ার ইন্ডিয়াকে ৪ হাজার ৫৯০ কোটি ডলার গুনতে হবে।
এয়ার ইন্ডিয়া-বোয়িং চুক্তিকে একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৪৪টি অঙ্গরাজ্যে ১০ লাখ কর্মসংস্থান হবে। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক অধিকতর জোরদারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এয়ার ইন্ডিয়া-বোয়িং ক্রয়চুক্তির ঘোষণার সময় আয়োজিত ভার্চুয়াল আলাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এ আশাবাদ ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি বলেন, ‘৪৪টি অঙ্গরাজ্যে ১০ লাখেরও বেশি কর্মসংস্থান করবে এ চুক্তি। অনেক ক্ষেত্রে চার বছরের কলেজ ডিগ্রিরও প্রয়োজন হবে না।’
এ চুক্তির মাধ্যমে বোয়িং ৭৭৭ এক্স পরিবারের অন্তর্ভুক্ত হবে ভারত। এ উড়োজাহাজগুলো ভারত থেকে বিশ্বের যেকোনো প্রান্তে বিরতিহীনভাবে যেতে পারবে।
এতে সুযোগ-সুবিধা ও আয়েশের ব্যবস্থাও তুলনামূলক বেশি। এয়ার ইন্ডিয়ার সঙ্গে এ চুক্তি মূল্যের দিক থেকে বোয়িংয়ের তৃতীয় বৃহত্তম বিক্রি। আর উড়োজাহাজের দিক থেকে তৃতীয় বৃহত্তম।










