প্রযুক্তিগত, পেশাগত ও জীবনভিত্তিক দক্ষতার প্রশিক্ষণ দিতে ‘হাতেকলমে’ নামে একটি ই-লার্নিং প্লাটফর্ম নিয়ে এসেছে দেশের রবি আজিয়াটা লিমিটেড। গতকাল রাজধানীর একটি হোটেলে এ প্লাটফর্মের উদ্বোধন করা হয়। 

রবির পক্ষ থেকে বলা হয়, প্লাটফর্মটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে নাগরিকদের বিভিন্ন পরিসরে দক্ষতাভিত্তিক শিক্ষা, বিভিন্ন ব্যবসার অন্তর্দৃষ্টি, জীবনধারা এবং লাইফস্কিলের সঙ্গে সম্পৃক্ত জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হয়। প্রথম ধাপে পূর্ণাঙ্গ দুটি কোর্স নিয়ে প্রকল্পটি চালু করা হচ্ছে। এগুলো হচ্ছে মোবাইল মেরামত ও কেয়ার গিভিং। এছাড়া খুব শিগগিরই হাউজ কিপিং, গ্রাফিক ডিজাইন, প্লাম্বিং এবং পাইপ ফিটিং, ইলেকট্রিশিয়ান, সেলাই মেশিন চালনা এবং ওয়েল্ডিং যুক্ত করা হবে। পরবর্তী ধাপে প্রবাসীদের জন্য প্রশিক্ষণ, খেলাধুলার জন্য প্রশিক্ষণ, কৃষকদের জন্য প্রশিক্ষণ, মাছ ধরা এবং পশুসম্পদের জন্য প্রশিক্ষণ শুরু করা হবে।