একাধিক বাজার থেকে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে সি গ্রুপের ই-কমার্স প্রতিষ্ঠান শপি। এ পদক্ষেপের মাধ্যমে ই-কমার্স ব্যবসাকে গুছিয়ে নিতে চায় সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানটি। খবর নিক্কেই এশিয়া।

পরিকল্পনার সঙ্গে জড়িত সূত্রের বরাত দিয়ে ডিলস্ট্রিটএশিয়া জানায়, শপির পদক্ষেপের আওতায় ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের কর্মীরা ছাঁটাইয়ের মুখে পড়বে। এরই মধ্যে ছাঁটাইয়ের পরিকল্পনায় থাকা কর্মীদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ই-মেইল পাঠানো হয়েছে।

শপির পেমেন্ট প্লাটফর্ম শপিপে ও খাবার ডেলিভারি ব্যবসা শপিফুডের কর্মীরা ছাঁটাইয়ের মুখোমুখি হবে। শপির কর্মীদের অব্যাহতি দেয়ার বিষয়ে সম্প্রতি একটি সাধারণ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে বলে জানা গিয়েছে। অব্যাহতি পদক্ষেপের কারণে ঠিক কতজন কর্মী ক্ষতিগ্রস্ত হবেন, তা জানানো হয়নি। তাছাড়া ছাঁটাইয়ের সুনির্দিষ্ট সময়সীমাও নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে ডিলস্ট্রিট এশিয়ার মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি শপি।

বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র জানায়, থাইল্যান্ডে শপি পেমেন্ট ও ফুড ডেলিভারি দলের অর্ধেকের বেশি কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। ই-মেইলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অব্যাহতিতে পাঠানো কর্মীদের পরবর্তী নোটিসের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। অন্য আরেকটি সূত্র জানায়, শপি এরই মধ্যে নতুন নিয়োগ কার্যক্রম বন্ধ এবং আঞ্চলিক পর্যায়ের জন্য নির্ধারিত কিছু চাকরির প্রস্তাব বাতিল করে দিয়েছে। সি গ্রুপ সামগ্রিকভাবে মুনাফা অর্জন করলেও প্রতিষ্ঠানটির অধিকাংশ আয় আসে গেমিং আর্ম প্রতিষ্ঠান গ্যারেনা থেকে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বছরওয়ারি হিসেবে সি গ্রুপের আয় ৬৪ দশমিক ৪ শতাংশ বেড়ে ২৯০ কোটি ডলারে পৌঁছেছে। একই সময়ে সংস্থাটির সামগ্রিক মুনাফা ৮১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১২০ কোটি ডলারে পৌঁছেছে। প্রবৃদ্ধির মুখে শপি সামষ্টিক অর্থনীতিতে বেশকিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে। এর মধ্যে রয়েছে মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধি। যার কারণে খুচরা বাজার ও ভোক্তা খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।