বিনোদন মিডিয়া জায়ান্ট ওয়াল্ট ডিজনি সম্প্রতি সাত হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে ব্যয় কমানো এবং পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানটির প্রায় ৩ দশমিক ২ শতাংশ কর্মী চাকরি হারাতে যাচ্ছে। খবর আনাদোলু এজেন্সি।
যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক বিনোদন জায়ান্টটি জানিয়েছে, বছরওয়ারি প্রায় ৫৫০ কোটি ডলার খরচ কমানোর পরিকল্পনা করছে ডিজনি। প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, গত বছরের অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী ডিজনির কর্মিসংখ্যা ছিল প্রায় ২ লাখ ২০ হাজার।
প্রতিষ্ঠানটির সিইও রবার্ট আইগার জানন, পদক্ষেপটি কোম্পানির আয়ের প্রতিবেদনে খরচ কমাবে। পাশাপাশি ডিজনির পুনর্গঠন প্রক্রিয়ার জন্য সহায়ক হবে। তিনি বলেন, ‘কোম্পানিটি স্ট্রিমিং ব্যবসা প্রসারিত করতে যাচ্ছে। স্থায়ীভাবে আয় বৃদ্ধি ও লাভজনক অবস্থানে ফেরার লক্ষ্যে কাজ করছে। ভবিষ্যতের বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের আরো ভালো অবস্থানে পৌঁছাতে হবে।’










