টানা দুই কার্যদিবসে ঊর্ধ্বমুখী থাকার পর ফিউচারস মার্কেটে মালয়েশিয়ান পাম অয়েলের দাম কমেছে। চলতি মাসের প্রথমার্ধে নিম্নমুখী রফতানি ও প্রতিদ্বন্দ্বী ভোজ্যতেলের দাম কমে যাওয়া এক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।

গতকাল বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে ফেব্রুয়ারি সরবরাহ চুক্তিতে মালয়েশিয়ান পাম অয়েলের দাম ১ দশমিক ৯২ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ৮৭৪ রিঙ্গিত বা ৮৭৭ ডলার ৪৬ সেন্টে। এর আগে মজুদ কমে যাওয়ার খবরে টানা দুইদিন ৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পায় বাজার আদর্শটির দাম।

চলতি মাসের প্রথমার্ধে মালয়েশিয়ার পাম অয়েল রফতানি আগের মাসের একই সময়ের তুলনায় ৪-৯ দশমিক ১ শতাংশ কমেছে।

গতকাল ডালিয়ান এক্সচেঞ্জে সয়াবিন তেলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ৭১ শতাংশ কমে যায়। পাম অয়েলের দাম কমে দশমিক ২৮ শতাংশ। অন্যদিকে শিকাগো বোর্ড অব ট্রেডে সয়াবিন তেলের দাম কমেছে ১ দশমিক ৮৫ শতাংশ। বাজার আদর্শটির দাম আগামী দিনগুলোয় আরো কমে ৩ হাজার ৮৬১ রিঙ্গিতে নেমে আসতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা।