চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে নেপালের চা রফতানি কমেছে। ব্যবসায়ীদের অভিযোগ, ভারতের আমদানি পলিসির কারণে নেপালের ব্যবসায়ীরা চা রফতানিতে নিরুৎসাহিত হচ্ছেন। খবর কাঠমান্ডু পোস্ট।

ট্রেড অ্যান্ড এক্সপোর্ট প্রমোশন সেন্টার জানায়, গত বছর জুলাইয়ের মাঝামাঝি থেকে চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত নেপাল ৬ হাজার ৫৯০ টন চা রফতানি করেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রফতানি কমেছে ৩৩ দশমিক ২৮ শতাংশ।

ভারতীয় গণমাধ্যমের দেয়া তথ্য বলছে, গত নভেম্বরে দেশটির চা বোর্ড আমদানিকারকদের সস্তা চা আমদানি করলে লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দেয়। এর বাইরে আরো কিছু বিধিনিষেধও আরোপ করে বোর্ড। নেপালের চায়ের প্রধান ক্রেতা ভারত।