পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। গতকাল সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৪৮তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।
বিএসইসির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাস্ট ব্যাংকের ৪০০ কোটি টাকার নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফ্লোটিং রেটবিশিষ্ট সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিশন। বন্ডটির কুপন হার হবে ৬ থেকে ৯ শতাংশের মধ্যে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করা হবে। এ বন্ডের অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে ট্রাস্ট ব্যাংক কর্তৃপক্ষ তাদের ব্যাংকের টিয়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।
অন্যদিকে গতকাল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১ হাজার কোটি টাকার সাত বছর মেয়াদি নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফ্লোটিং রেটবিশিষ্ট ফুললি রিডেমেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে বিএসইসি। বন্ডটির কুপন হার হবে ৬ থেকে ৯ শতাংশের মধ্যে। এ বন্ডের অভিহিত মূল্য ১ কোটি টাকা। আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, করপোরেট ও উচ্চসম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড ইস্যু করা হবে। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে ইউসিবি কর্তৃপক্ষ তাদের ব্যাংকের টিয়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে এবং প্রচলিত ব্যবসায় বিনিয়োগ করবে। এ বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ডিবিএইচ ফাইন্যান্স করপোরেশন লিমিটেড। শর্ত অনুসারে এ বন্ডটিও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত হবে।
এছাড়া গতকাল বে-মেয়াদি ‘একুশ স্ট্যাবল রিটার্ন ফান্ড’-এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে কমিশন। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা।










