চলতি বছরের প্রথম প্রান্তিকে সৌদি আরামকোর মুনাফা বেড়েছে ৮২ শতাংশ। জ্বালানি তেলের দাম বাড়ায় ফুলেফেঁপে উঠেছে বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক কোম্পানিটি। খবর দ্য ন্যাশনাল।

গতকাল এক বিবৃতিতে সৌদি আরামকো জানায়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে তাদের নিট আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫০ কোটি ডলার। ২০২১ সালের একই প্রান্তিকে যেখানে তাদের আয় হয়েছিল ২ হাজার ১৭০ কোটি ডলার। বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বৃদ্ধিতে সৌদি আরামকোর আয় বেড়েছে।

এর আগে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি হিসেবে অ্যাপলকে হটিয়ে শীর্ষস্থানে  উঠে আসে সৌদি আরামকো। চারদিন আগে অ্যাপলের বাজার মূলধন যেখানে ২ দশমিক ৩৭ ট্রিলিয়ন ডলার তখন সৌদি আরামকোর বাজার মূলধন ২ দশমিক ৪২ ট্রিলিয়ন ডলারে দাঁড়ায়।

গত মার্চে আরামকোর নিট মুনাফা বেড়েছে ১২৪ শতাংশ। তবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অভিযানের কারণে শঙ্কায় রয়েছে কোম্পানিটি।