সৌদি আরবে গাড়ি কারখানা স্থাপন করবে দক্ষিণ কোরিয়াভিত্তিক হুন্দাই মোটর গ্রুপ। দেশটির রাষ্ট্রীয় পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সঙ্গে যৌথ অর্থায়নে এ গাড়ি প্লান্ট বাস্তবায়ন করা হবে বলে চলতি সপ্তাহে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইওন সুক-ইওল। খবর নিক্কেই এশিয়া।
সৌদি আরবের রাজধানী রিয়াদে পিআইএফ ও হুন্দাইয়ের মধ্য চুক্তি সই শেষে প্রেসিডেন্ট ইওন এ তথ্য জানান। চুক্তিটি বাস্তবায়ন হলে এটিই হবে মধ্যপ্রাচ্যে দক্ষিণ কোরিয়ার প্রথম কোনো গাড়ি ফ্যাক্টরি। কারখানাটিতে বছরে ৫০ হাজার বিদ্যুৎ ও গ্যাসচালিত গাড়ি উৎপাদন করার সক্ষমতা থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার শিল্প মন্ত্রণালয়।
গাড়ি বিক্রির পরিমাণের দিক থেকে হুন্দাই মোটর গ্রুপ বিশ্বের তৃতীয় শীর্ষ কোম্পানি। কোম্পানিটি মধ্যপ্রাচ্যে তার ব্যবসা বিস্তারে সৌদি আরবকে বেছে নেয়ার পেছনে দেশটির সাম্প্রতিক পরিকল্পনাকে বিবেচনায় নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জ্বালানি তেল সম্পদের ওপর নির্ভরশীলতা কমাতে দেশটি বেশকিছু পরিকল্পনা হাতে নিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি খাত হচ্ছে অটোমোবাইল।
২০৩০ সালের মধ্যে শীর্ষস্থানীয় এ তেল উত্তোলক দেশটি বছরে তিন লাখ গাড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে। দেশটির অর্থনীতিতে বৈচিত্র্য আনার পদক্ষেপের অংশ হিসেবে এ প্রকল্পে আগ্রহী হয়েছে দেশটি। আগামীর ইভি বাজার দখলে নিয়ে রাষ্ট্রীয় আয় বাড়াতে আগ্রহী সৌদি।










