মালয়েশিয়ায় মার্চে পাম অয়েল মজুদ আগের তুলনায় বেড়েছে। ফেব্রুয়ারির তুলনায় মার্চে মালয়েশিয়ায় ভোজ্যতেলটির মজুদ ১০ দশমিক ৭০ শতাংশ বেড়ে ১৪ লাখ ৫০ টনে দাঁড়িয়েছে। পাম অয়েল শিল্পের নিয়ন্ত্রক সংস্থা মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের (এমপিওবি) সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে। খবর রয়টার্স।
এমপিওবির পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারির তুলনায় মালয়েশিয়ার অপরিশোধিত পাম অয়েলের উৎপাদন বেড়েছে ২৮ দশমিক ৪০ শতাংশ। আর মোট উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ২০ হাজার টনে। একই সঙ্গে পাম অয়েলের রফতানিও বেড়েছে। মার্চে দেশটির পাম অয়েল রফতানি আগের মাসের তুলনায় ৩১ দশমিক ৮০ শতাংশ বেড়েছে। আর মোট রফতানি বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৮০ হাজার টনে।
রয়টার্সের এক পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছর মালয়েশিয়া ভোজ্যতেলটির মজুদ ১ দশমিক ৩০ শতাংশ বেড়ে ১৩ লাখ ২০ হাজার টনে দাঁড়াবে। প্রথমবারের মতো ছয় মাসের মধ্যেই দেশটির পাম অয়েলের মজুদ ২৫ শতাংশ বেড়ে ১৩ লাখ ৮০ হাজার টনে পৌঁছবে।










