অর্থ প্রদানের পরিষেবায় বিটকয়েনকে যুক্ত করার পরিকল্পনা করছে এমিরেটস। একটি নন-ফাঞ্জিবল টোকেন (এনএফটি) ট্রেডিং প্লাটফর্মও চালু করবে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। খবর এনডিটিভি।
এমিরেটসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আদেল আহমেদ আল-রেধা একটি সম্মেলনে ডিজিটাল পদক্ষেপ বাড়ানোর ঘোষণা দেন। এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের মেটাভার্স অভিজ্ঞতা দিতে চাইছে এয়ারলাইনসটি। আল-রেধা ইঙ্গিত দিয়েছেন, গ্রাহকদের চাহিদা পর্যবেক্ষণ করে এমন অ্যাপ্লিকেশন তৈরিতে সহায়তা করার জন্য কর্মী নিয়োগ দেয়া হতে পারে। তবে কবে নাগাদ বিটকয়েন পেমেন্ট পরিষেবা চালু হবে তা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
সম্মেলনে আদেল আহমেদ এনএফটি ও মেটাভার্সের মধ্যে পার্থক্যও তুলে ধরেন। তিনি ব্যাখ্যা করেন, এনএফটি ও মেটাভার্স দুটি ভিন্ন অ্যাপ্লিকেশন ও পন্থা। আপনি আপনার পুরো প্রক্রিয়া মেটাভার্স টাইপ অ্যাপ্লিকেশনে রূপান্তরিত করতে সক্ষম হবেন। এটা হতে পারে প্রতিষ্ঠানের কার্যক্রম, প্রশিক্ষণ কিংবা ওয়েবসাইটে বিক্রয় প্রক্রিয়া। অন্যদিকে এনএফটি ডিজিটাল এ দুনিয়ার লেনদেনকে আরো সহজ ও ইন্টারেকটিভ করে তোলে।










