রাশিয়ায় দুটি লজিস্টিক সাইট বিক্রি করছে ডেনমার্কের শিপিং অ্যান্ড লজিস্টিক গ্রুপ এ.পি. মোলার-মায়েরস্ক। রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার পরিকল্পনা অনুযায়ী এসব সাইট বিক্রি করছে গ্রুপটি। খবর রয়টার্স।
মায়েরস্কের পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় পোর্ট সিটি নোভোরোসিয়স্কের ইনল্যান্ড ডিপো সাইট এবং সেন্ট পিটার্সবার্গের একটি চিলড অ্যান্ড ফ্রোজেন ওয়্যারহাউজ বিক্রির জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে। আইজি ফাইন্যান্স ডেভেলপমেন্টের কাছে এ সাইট দুটি বিক্রির চুক্তি হয়েছে।
এ প্রসঙ্গে মায়েরস্কের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা কারস্টেন কিলডাল এক বিবৃতিতে বলেন, ‘আমরা রাশিয়ায় আমাদের দুটি লজিস্টিক সাইটের নতুন মালিক খুঁজে পেয়ে আনন্দিত। এভাবেই রাশিয়ায় আমাদের সব সম্পদ বিক্রি করার সিদ্ধান্ত বাস্তবায়ন করছি।’
মায়েরস্ক কর্তৃপক্ষ বলছে, আইজি ফাইন্যান্স ডেভেলপমেন্ট সাইপ্রাসে নিবন্ধিত একটি কোম্পানি। প্রতিষ্ঠানটি সম্প্রতি রাশিয়ার বৃহৎ খাদ্য আমদানিকারক আরোসার সঙ্গে এই সাইটগুলো পরিচালনার জন্য একটি চুক্তি করেছে।
প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মায়েরস্কের এখনো সিৎজার ব্র্যান্ডের চারটি টগবোট বিক্রি করতে হবে। এর প্রক্রিয়া চলছে। এগুলো বিক্রি হলে রাশিয়ায় আর কোনো ব্যবসা থাকবে না প্রতিষ্ঠানটির।
এর আগে ২০২২ সালের আগস্টে রাশিয়ার বৃহত্তম কনটেইনার অপারেটর ডেলো গ্রুপের কাছে বড় ধরনের শেয়ার বিক্রি করেছিল মায়েরস্ক। ওই সময়ে রাশিয়ার বন্দর অপারেটর গ্লোবাল পোর্টস ইনভেস্টমেন্টসের ৩০ দশমিক ৭৫ শতাংশ শেয়ার বিক্রি করেছিল প্রতিষ্ঠানটি।










