জাপানের রাজধানী টোকিও ও ইসরায়েলের তেল আবিবের মধ্যে শিগগিরই চালু হচ্ছে সরাসরি ফ্লাইট। জাপানের নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন সম্প্রতি এক বিবৃতিতে জানায়, ২ মার্চ থেকে উভয় দেশের মধ্যে ফ্লাইট চালু হবে। খবর কিয়োদো এজেন্সি।

এক সংবাদ বিবৃতিতে নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন জানায়, ২ মার্চ থেকে টোকিও-তেল আবিব বিরতিহীন ফ্লাইট পরিচালিত হবে। টোকিওর নিকটবর্তী নারিতা বিমানবন্দরে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে এল আল ইসরায়েল এয়ারলাইনস লিমিটেড।

২০২০ সালের মার্চে জাপানের সঙ্গে সরাসরি ফ্লাইটের পরিকল্পনার কথা জানিয়েছিল ইসরায়েলের পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি। কিন্তু কভিড-১৯ মহামারীতে সে পরিকল্পনা থেকে পিছু হটে তারা।

ইসরায়েলে ব্যবসা সম্প্রসারণ করছে জাপানি কোম্পানিগুলো। বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাতে জাপানভিত্তিক কোম্পানিগুলো বড় অংকের বিনিয়োগ করেছে। 

এদিকে ইসরায়েলের পর্যটকদের কাছে পছন্দের গন্তব্য হিসেবে দাঁড়িয়েছে জাপান।