এসএমই ফাউন্ডেশন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করেছে আট দিনব্যাপী ‘১২তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৫’। ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গতকাল এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় ছয়টি শ্রেণীতে এসএমই খাতের ছয়জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই পুরস্কার দেয়া হয়।

এবার বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী) ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন পাটের ব্যাগ, হোম ডেকর ও হস্তশিল্প পণ্য প্রস্তুত এবং বিপণনকারী রংপুরের জুয়েনা ফেরদৌস। বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (পুরুষ) ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন হাতে তৈরি সাবান, বিভিন্ন ধরনের তেল ও কসমেটিকস পণ্য প্রস্তুতকারী ঢাকার উদ্যোক্তা মো. ওয়াহিদুজ্জামান। বিভিন্ন ধরনের পাট দিয়ে ঐতিহ্যবাহী পণ্য প্রস্তুতকারী দিনাজপুরের মোছাম্মৎ সিরাজুম মনিরা জিতেছেন বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তার (নারী) পুরস্কার। পুরুষ ক্যাটাগরিতে বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন ঢাকার খেলনা পণ্যের উৎপাদক আমান উল্লাহ। বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের পাটের ব্যাগ ও ঝুড়ি প্রস্তুতকারক কাজী মো. মনির হোসেন। এছাড়া বর্ষসেরা স্টার্টআপ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন ডুবোটেক ডিজিটাল লিমিটেডের মো. মাহফুজুল হক।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান। সম্মানিত অতিথি ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন।

এ সময় এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, ১২তম জাতীয় এসএমই পণ্যমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সামিম আহমেদ ও উইমেন অন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল প্রমুখ বক্তব্য রাখেন।