সৌদি আরবের রাজধানী রিয়াদে নির্মাণ করা হচ্ছে বিশ্বের আধুনিকতম ডাউনটাউন। আকারের দিক থেকেও এটি হবে সবচেয়ে বড়। এজন্য নতুন একটি কোম্পানিও গঠন করেছেন দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান আল সৌদ। খবর সৌদি প্রেস এজেন্সি।

সৌদি আরবের যুবরাজের ঘোষণা অনুযায়ী, ২০৩০ সাল নাগাদ এ ডাউনটাউন তৈরির প্রক্রিয়া শেষ হবে। এটি তেলবহির্ভূত জিডিপিতে ১৮ হাজার কোটি সৌদি রিয়াল বা ৪ হাজার ৮৬০ কোটি ডলারের জোগান দেবে বলে প্রত্যাশা। এ প্রকল্পে ৩ লাখ ৩৪ হাজার প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও ধারণা করা হচ্ছে।

লাখো মানুষের বসবাসের জন্য প্রকল্পের মোট আয়তন ধরা হয়েছে ১৯ বর্গকিলোমিটার। এখানে থাকবে একটি জাদুঘর, বিশ্ববিদ্যালয়, মাল্টিপারপাস থিয়েটার এবং ৮০টির বেশি বিনোদনমূলক ও সাংস্কৃতিক কেন্দ্র। নতুন মুদারাবা ডেভেলপমেন্ট কোম্পানিটি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের একটি প্রকল্প। সৌদি আরবের সভেরিন সম্পদ তহবিলের প্রকল্পটি প্রতিশ্রুতিশীল খাতগুলোর সক্ষমতা প্রকাশের জন্য ব্যবহার হবে। সেসঙ্গে তেলনির্ভর অর্থনীতির দেশটির আয়ের বিকল্প খুঁজতেও সহায়তা করবে।