সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) কমেছে প্রায় ৬০ শতাংশ। একই সঙ্গে কোম্পানিটির পর্ষদ সভায় আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে মতিন স্পিনিং মিলসের সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ৭৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০ টাকা ৪ পয়সায়, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৬০ টাকা ৬৩ পয়সা। 

এদিকে কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩০ নভেম্বর বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর। 

সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মতিন স্পিনিং মিলস। সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। ২০২০ হিসাব বছরের জন্য কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল মতিন স্পিনিং মিলস। আগের হিসাব বছরের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। 

২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৭ কোটি ৪৯ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪০১ কোটি ৫০ লাখ টাকা।