পুঁজিবাজার তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় গ্রস প্রিমিয়াম আয় বাড়লেও কর-পরবর্তী নিট মুনাফা কমতে দেখা গেছে। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় ২ শতাংশের বেশি বাড়লেও নিট মুনাফা কমেছে ১২ শতাংশ। কোম্পানির সর্বশেষ প্রকাশিত চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ঢাকা ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ১৫ কোটি ৮১ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫ কোটি ৪৫ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির গ্রস প্রিমিয়াম আয় বেড়েছে ৩৬ লাখ টাকা বা ২ দশমিক ৩৩ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় হয়েছে ৯ কোটি ৩৪ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭ কোটি ৭০ লাখ টাকা।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৭ কোটি ৩৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৯ কোটি ৭৪ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে আলোচ্য প্রান্তিকে কোম্পানির নিট মুনাফা কমেছে ২ কোটি ৪১ লাখ টাকা বা ১২ দশমিক ২০ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৫ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৭৭ পয়সায়. পুনর্মূল্যায়ন ছাড়া যা দাঁড়িয়েছিল ২৪ টাকা ১৪ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৩১ জুলাই বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ জুন।










