নববর্ষের এক সপ্তাহ ছুটি শেষে চীনা বিনিয়োগকারীরা ফিরে আসায় গত বৃহস্পতিবার তামার দাম নয় বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে। করোনা মহামারীর কারণে এক পর্যায়ে তামার দাম যে সর্বনিম্নে চলে এসেছিল তার চেয়ে প্রায় দ্বিগুণ বেড়েছে। নিউইয়র্কে তামার দাম পাউন্ডপ্রতি ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৩ দশমিক ৯০২৫ ডলারে দাঁড়িয়েছে। টনপ্রতি দাম পড়ছে ৮ হাজার ৬০৩ ডলার। ২০১১ সালের সেপ্টেম্বরে পাউন্ডপ্রতি ৩ দশমিক ৯৩১ ডলার এবং টনপ্রতি ৮ হাজার ৬৬৬ ডলারের পর তা সর্বোচ্চ। খবর রয়টার্স।

অবশ্য জানুয়ারি থেকেই তামা বিক্রি বাড়ছিল এবং দাম আট বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে। ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলো বলছে, ২০২২ সালের প্রথমার্ধে তামার দাম রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে পারে।

অন্যান্য শিল্প ধাতুর দামও বেড়েছে। অ্যালুমিনিয়াম বিক্রি ২০১৮ সালের সর্বোচ্চে দাঁড়িয়েছে। নিকেল বিক্রি ২০১৪ পরবর্তী সর্বোচ্চ। টিনের বিক্রি বেড়েছে ২০১২ পরবর্তী সর্বোচ্চ এবং পারদ বিক্রিও দুই বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে।

তামাসহ ধাতব পদার্থের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে চীনের বাজার থেকে শক্তিশালী চাহিদা। নববর্ষের ছুটি শেষে কারখানা কার্যক্রম শুরুতে আমদানি বাড়িয়ে দিয়েছে বিশ্বের বৃহত্তম ধাতব ভোক্তা দেশটি।