রাশিয়া, ইউক্রেন ও চীন থেকে সরবরাহ সংকটের কারণে ইউরোপের স্পট মার্কেটে দাম বেড়েছে ইস্পাতের। এ সুযোগকে কাজে লাগাতে ইউরোপের বাজারের দিকে দৃষ্টি দিয়েছে ভারতের ইস্পাত রফতানিকারকরা। বাজারসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ইউরোপে সম্প্রতি ভারতের ইস্পাত রফতানি ৫ শতাংশীয় পয়েন্ট বেড়েছে। খবর দ্য হিন্দু বিজনেসলাইন।

বর্তমানে ইউরোপের খোলাবাজারে টনপ্রতি ইস্পাতের মূল্য ২ হাজার ডলার বা ১৫ হাজার রুপির কাছাকাছি। এজন্য ভারতীয় রফতানিকারকদের কাছে আকর্ষণীয় গন্তব্য ইউরোপ। সাধারণত, মোট ইস্পাত উৎপাদনের ২০-২৫ শতাংশ রফতানি করে ভারত। দেশটির ইস্পাতের সবচেয়ে বড় ক্রেতা ইউরোপ। ভারতের প্রধান প্রধান ইস্পাত রফতানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জেএসডব্লিউ, টাটা স্টিল, জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড (জেএসপিএল) ও আর্সেলর মিত্তাল নিপ্পন স্টিল (এএমএনএস)।

ভারতের মোট ইস্পাত উৎপাদনের ৮১ শতাংশ আসে বিভিন্ন বেসরকারি কোম্পানি থেকে। বাকি ১৯ শতাংশ বিভিন্ন পিএসইউ থেকে।

ভারতের ইস্পাত মন্ত্রণালয়ের তথ্য মোতাবেক, ২০২২ অর্থবছরের প্রথম ১১ মাসে (এপ্রিল-ফেব্রুয়ারি) ইস্পাত রফতানি গত বছরের তুলনায় ৩০ শতাংশ বেড়ে ১ কোটি ২২ লাখ ৯০ হাজার টনে দাঁড়িয়েছে। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৯৫ লাখ টন।

রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহৎ ইস্পাত রফতানিকারক দেশ। রাশিয়াসহ ইউক্রেন ও চীন থেকে ইস্পাত আমদানি করে ইউরোপ। তবে ভূরাজনৈতিক পরিস্থিতি ও সরবরাহ সংকটে ইস্পাত রফতানি ব্যাহত হয়। ইউরোপের বাজার তাই নতুন সম্ভাব্য সুযোগ তৈরি করেছে ভারতের জন্য।