বাংলাদেশের পোশাক শিল্পে টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য শ্রমিকদের উৎপাদনশীলতা এবং সম্পদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। গতকাল ঢাকায় একটি কর্মশালায় বক্তৃতা প্রদানকালে তিনি শিল্পে উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি এবং জ্ঞানভিত্তিক পরিবর্তনের মাধ্যমে দীর্ঘমেয়াদি অগ্রাধিকারগুলোর সঙ্গে স্বল্পমেয়াদি লক্ষ্যগুলোর ভারসাম্য বজায় রাখার ওপর জোর দেন।

বাংলাদেশের পোশাক খাতের টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি: শ্রমিকদের উৎপাদনশীলতা এবং সম্পদের দক্ষতার উন্নয়ন শীর্ষক এ কর্মশালাটি বিজিএমইএর সহযোগিতায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া কর্তৃক আয়োজিত হয়।

ফারুক হাসান গত কয়েক দশকে শ্রমিকদের কল্যাণ, সমাজ ও পরিবেশগত টেকসই উন্নয়নে যেসব উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে, সেগুলো তুলে ধরেন। তিনি বলেন, ‘শিল্পে দক্ষতা এবং প্রতিযোগী সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে আরো উন্নয়নের অবকাশ এখনো রয়েছে। সভাপতি প্রতি বছর উৎপাদন ব্যয় বৃদ্ধি অব্যাহত থাকায় শিল্প যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, সেগুলোরও উল্লেখ করেন।’

ফারুক হাসান বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোয় জ্বালানি, বিদ্যুৎ এবং গ্যাসের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে করে পরিবহন ও ইউটিলিটি ব্যয়গুলো বেড়েছে। সেই সঙ্গে উৎপাদন খরচও বেড়েছে।’ তিনি জোর দিয়ে বলেন, ‘উৎপাদনশীলতা বৃদ্ধি কারখানা এবং শ্রমিক উভয়কেই উপকৃত করে এবং দেশের জিডিপি প্রবৃদ্ধির ওপর সরাসরি প্রভাব ফেলে।’