জাপানি খুচরা বিক্রেতা হিসেবে শীর্ষে উঠে এসেছে সেভেন অ্যান্ড আই। গত বৃহস্পতিবার কোম্পানিটি জানিয়েছে, ফেব্রুয়ারিতে শেষ হওয়া অর্থবছরে রিটেইলারটির বিক্রি ৩৫ শতাংশ বেড়ে রেকর্ড ১১ দশমিক ৮ ট্রিলিয়ন ইয়েন বা ৯ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। এ নিয়ে প্রথমবারের মতো কোনো জাপানি রিটেইলারের বিক্রি ১০ ট্রিলিয়ন ইয়েন ছাড়াল।  খবর কিয়োদো এজেন্সি।

সেভেন অ্যান্ড আই বলছে, ২০২১ সালে ইউএস কনভেনিয়েন্স স্টোর চেইন স্পিডওয়ে অধিগ্রহণের পর বিদেশে বিক্রি বেড়েছে। কোম্পানির নিট মুনাফা ৩৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ২৮ হাজার ৯৮ কোটি ইয়েনে পৌঁছেছে। 

যা রেকর্ড। করোনাভাইরাস মহামারীর পর কোম্পানিটি চাহিদা পুনরুদ্ধার করছে। তবে কিছু আউটলেটে কম লাভের কারণে কোম্পানিটি তার সুপারমার্কেট ব্যবসার সঙ্গে লড়ছে। 

গত মাসে রিটেইল কোম্পানিটি জানিয়েছিল, সুপারমার্কেটের ইউনিটের সংখ্যা এক-চতুর্থাংশ কমিয়ে দেবে এবং পোশাকের ব্যবসা থেকে সরে খাদ্য বিক্রয়ের দিকে বেশি জোর দেবে। 

সেভেন অ্যান্ড আই আরো জানিয়েছে, এটি বার্নিস জাপান কোম্পানির সমস্ত শেয়ার শুল্কমুক্ত স্টোর অপারেটর লাওক্স হোল্ডিংসের কাছে বিক্রি করবে।