বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন অর্থনৈতিক পুনরুদ্ধারে প্রত্যাশিত গতি লাভ করতে ব্যর্থ হচ্ছে। তার পদক্ষেপ হিসেবেই সম্প্রতি চীনের কেন্দ্রীয় ব্যাংক মাত্র তিন মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারে নেয়া হয়েছে নতুন সিদ্ধান্ত। মূল্য সংকোচনের ঝুঁকি বাড়ার সঙ্গে চীনের কেন্দ্রীয় ব্যাংক আরো অর্থনৈতিক মন্দা রোধে আর্থিক সহজীকরণের প্রচেষ্টা জোরদার করছে। খবর রয়টার্স। 

আবাসন বাজারের পরিস্থিতি ও আবাসন বাজারের বেশকিছু ডেভেলপারদের ঋণখেলাপি হওয়ার ঝুঁকি থাকায় সুদহার কমানোর সিদ্ধান্তটি নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া বেসরকারি সম্পদ ব্যবস্থাপক পেমেন্ট দিতে ব্যর্থ হওয়া আর্থিক বাজারে অস্থিরতা আরো বাড়িয়ে তুলেছে, পাশাপাশি বিনিয়োগকারীদের বাজার নিয়ে শঙ্কিত করেছে। কমার্স ব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ টমি উ জানিয়েছেন, মূলত প্রতিবন্ধকতাগুলো নীতিনির্ধারকদের তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার জন্য জরুরি পরিস্থিতি তৈরি করেছে। তিনি আরো জানান, ভোক্তা ও ব্যবসায়িক আস্থা কমার আগেই নীতিনির্ধারকদের দ্রুত পদক্ষেপ নেয়া দরকার ছিল। 

পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এক বছরের মধ্যমমেয়াদি ঋণ সুবিধায় (এমএলএফ) ঋণের সুদহার কমানোর ঘোষণা দিয়েছে। সুদহার আগের ২ দশমিক ৬৫ শতাংশ থেকে ১৫ বেসিস পয়েন্ট কমিয়ে ২ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে। পিবিওসি জানিয়েছে, কর প্রদান ও ব্যাংকিং ব্যবস্থার মধ্যে পর্যাপ্ত তারল্য সুনিশ্চিত করার জন্য ক্যাশ ইনজেকশনটি ডিজাইন করা হয়েছে। বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছেন, আগামী সপ্তাহে এ সুদের হার কমানো চীনের ঋণের বেঞ্চমার্ক লোন প্রাইম রেট (এলপিআর) কমানোর পথ প্রশস্ত করতে পারে।