আন্তর্জাতিক হিসাবমানের (আইএএস) সম্পদ, কারখানা ও যন্ত্রপাতি পুনর্মূল্যায়নের বিধান অনুসারে জমি ও ভবন পুনর্মূল্যায়ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেড। ইস্টল্যান্ড সার্ভেয়ারের পুনর্মূল্যায়ন প্রতিবেদন অনুসারে, শেয়ারহোল্ডারদের ইকুইটির আওতায় ১২ কোটি ৩৫ লাখ টাকা পুনর্মূল্যায়িত সঞ্চিতি হিসেবে এবং ৩ কোটি ২০ লাখ টাকা ব্যয় হিসেবে লাভ-ক্ষতি হিসেবে দেখানো হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ব্যাংকটির দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের পাশাপাশি এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে প্রাইম ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮১ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৬৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৭ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ১৯ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২৫ টাকা ১৮ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রাইম ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৮৭ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১ টাকা ৬১ পয়সা।