পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ সর্বশেষ সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল অনুষ্ঠিত পর্ষদ সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ১৭ আগস্ট।
এর আগের ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। এর মধ্যে ১৩ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। এর আগে ২০১৯ হিসাব বছরে কোম্পানিটি মোট ১৪ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ২ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ২০১৮ হিসাব বছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন।
ডিএসইতে গতকাল রূপালী লাইফের শেয়ার সর্বশেষ ৬৮ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।










