চীনের তামা আমদানিতে ধারাবাহিক মন্দা ভাব বজায় রয়েছে। টানা দুই মাসের মন্দা ভাবের জের ধরে গত নভেম্বরে দেশটিতে ব্যবহারিক ধাতুটির আমদানি আগের মাসের তুলনায় ৯ শতাংশের বেশি কমেছে। এর মধ্য দিয়ে দেশটিতে তামা আমদানি ছয় মাসের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস রেকর্ডার ও সিনহুয়া।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালের নভেম্বর চীনে সব মিলিয়ে ৫ লাখ ৬১ হাজার ৩১১ টন তামা ও তামাজাত পণ্য আমদানি হয়েছে, যা আগের মাসের তুলনায় ৯ দশমিক ২ শতাংশ কম। গত অক্টোবরে দেশটিতে তামা আমদানির পরিমাণ ছিল ৬ লাখ ১৮ হাজার ১০৮ টন। সে হিসাবে এক মাসের ব্যবধানে চীনে ব্যবহারিক ধাতুটির আমদানি কমেছে ৫৬ হাজার ৭৯৭ টন।

চলতি বছরের অক্টোবরের পর নভেম্বরেও চীনে তামা আমদানি কমতির দিকে ছিল। একই সঙ্গে গত মাসে দেশটিতে ব্যবহারিক ধাতুটির আমদানি ছয় মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। তবে অক্টোবরের তুলনায় ৯ শতাংশের বেশি কমলেও ২০১৯ সালের একই সময়ের তুলনায় গত মাসে চীনের তামা আমদানিতে ১৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি বজায় ছিল।

খাতসংশ্লিষ্টরা বলছেন, চলতি বছরের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে তামার দাম কমতির দিকে ছিল। তবে সম্প্রতি ব্যবহারিক ধাতুটির রেকর্ড মূল্যবৃদ্ধি ঘটেছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) প্রতি টন তামা ৭ হাজার ৭০০ ডলারের ওপরে বিক্রি হচ্ছে। বাড়তি এ দাম চীনা আমদানিকারকদের তামা আমদানির উৎসাহ কমিয়েছে। এর জের ধরে দেশটিতে ব্যবহারিক ধাতুটির আমদানিতে টানা দুই মাস ধরে মন্দা ভাব বজায় রয়েছে।