বড়দিনের ছুটির আগে মন্দার মুখে পড়েছে ইউরোপে গমের বাজার। প্যারিসের ইউরোনেক্সট এক্সচেঞ্জে সর্বশেষ কার্যদিবসে কৃষিপণ্যটির দাম আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ কমেছে। ব্যবসায়ীরা বলছেন, ইউরোপে নভেল করোনাভাইরাসের নতুন একটি বিবর্তিত রূপ ছড়িয়ে পরায় গমের বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

প্যারিসে এদিন গমের দাম আগের দিনের তুলনায় টনে দশমিক ৫০ ইউরো কমেছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন গমের দাম দাঁড়িয়েছে ২৫৪ দশমিক ১ ইউরোতে, যা আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ কম।

খাতসংশ্লিষ্টরা জানান, রাশিয়া গমের রফতানি শুল্ক বাড়ানো ও কৃষিপণ্যটির রফতানিতে কোটা বেঁধে দেয়ার পর ইউরোপে বাজার পরিস্থিতি চাঙ্গা হয়ে ওঠে। তবে বড়দিনের ছুটির আগে ফের মন্দার মুখে পড়েছে গমের দাম। কেননা বিবর্তিত করোনার কারণে নতুন করে চলাচলে নিষেধাজ্ঞা এলে গমের রফতানি বাজারে চ্যালেঞ্জ তৈরি হতে পারে। এ আশঙ্কা কৃষিপণ্যটির দাম কমিয়ে দিয়েছে, যা আগামী দিনগুলোতেও একই থাকার সম্ভাবনা প্রবল।