পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা চলতি সপ্তাহের ১১ জানুয়ারি বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের সুপারিশ আসতে পারে। একই সভায় কোম্পানিটির সদ্য সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ), দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) ও তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ২০২১ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার ১১০ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকা কমে দাঁড়িয়েছে ৭২৬ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকায়। এর আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার ৮৫ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকা কমে দাঁড়িয়েছিল ৭৯৬ কোটি ৭৩ লাখ ১০ হাজার টাকায়। ২০২১ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার কমেছে ১৩ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে এ তহবিলের আকার কমেছিল ২৪ কোটি ৪৭ লাখ টাকা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। এর আগে ২০১৯ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে তারা। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। ২০১৭ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় তারা। এছাড়া ২০১৬ হিসাব বছরে ২৫ শতাংশ নগদ, ২০১৫ হিসাব বছরে ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক এবং ২০১৪ হিসাব বছরে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানির শেয়ারহোল্ডাররা।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফের অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩০ কোটি ৫২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৫ লাখ ২০ হাজার ২৩০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৮ দশমিক শূন্য ৮ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৯ দশমিক ৭২, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৪ দশমিক ১০ শতাংশ শেয়ার রয়েছে।









