কভিড-১৯ মহামারীতে নিম্নমুখী ছিল প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মীদের মধ্যকার বেতনের ব্যবধান। শেয়ারহোল্ডারদের চাপে নির্বাহীদের বেতন কাটায় এ ব্যবধান কিছুটা সংকুচিত হয়। যদিও চলতি বছর আবারো এ ব্যবধান প্রশস্ত হচ্ছে বলে জানিয়েছে একটি থিংকট্যাংক। লন্ডন পুঁজিবাজারে তালিকাভুক্ত বাজারমূল্যে শীর্ষ ৩৫০ প্রতিষ্ঠানের (এফটিএসই ৩৫০) নির্বাহীরা চলতি বছর কর্মীদের গড় বেতনের চেয়ে ৬৩ গুণ বেতন নেবেন বলে আশা করা হচ্ছে। খবর দ্য গার্ডিয়ান।

ন্যায্য বেতন কাঠামোর প্রচার চালানো থিংকট্যাংক হাই পে সেন্টার জানিয়েছে, মহামারী চলাকালীন প্রতিষ্ঠানের নির্বাহীদের বেতন ব্যাপকভাবে কাটছাঁট করা হয়েছিল। ফলে ২০২১ সালে প্রতিষ্ঠানের প্রধান ও কর্মীদের বেতনের অনুপাত ৩৪:১-এ নেমে আসে। তবে সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে প্রাথমিক বিশ্লেষণগুলো ইঙ্গিত দিচ্ছে, ২০২২ সালে বেতনের ব্যবধান আবারো প্রশস্ত হবে। হাই পে সেন্টারের গবেষণা অনুসারে, ২০২০ সালে এফটিএসই ৩৫০ প্রতিষ্ঠানের মোট ৪৩ জন নির্বাহী কর্মীদের গড়ের ১০০ গুণ বেতন নিয়েছিলেন।

হাই পে সেন্টারের নির্বাহী পরিচালক লুক হিলডইয়ার্ড বলেন, আমাদের প্রতিবেদন ইঙ্গিত দেয় যে প্রতিষ্ঠান ও তাদের অংশীদাররা মহামারীতে কর্মীদের সঙ্গে ন্যায্য আচরণের তাগিদ অনুভব করেছেন। এরই অংশ হিসেবে তারা বিশাল বেতন বৈষম্য কমিয়ে আনার প্রয়োজনীয়তার প্রতি কিছুটা সংবেদনশীলতা দেখিয়েছেন। তবে কভিডজনিত জরুরি অবস্থা হ্রাসের সঙ্গে সঙ্গে এ সংবেদনশীলতা হারিয়ে গেলে বিষয়টি খুব লজ্জাজনক হবে।

তিনি বলেন, যুক্তরাজ্যের অর্থনীতি এখনো কভিডজনিত বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি। পাশাপাশি ভূরাজনৈতিক উত্তেজনার কারণে ব্রিটিশ অর্থনীতি ভয়াবহতার দিকে এগোচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় আমরা কীভাবে বিদ্যমান সংস্থানগুলো ভাগাভাগি করি তা ক্রমবর্ধমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

হাই পে সেন্টারের বিশ্লেষণে দেখা গেছে, নির্বাহী ও কর্মীর বেতনের বৈষম্য খুচরা বিক্রি শিল্পে সবচেয়ে বেশি। অন্যদিকে মিডিয়া ও আর্থিক পরিষেবাগুলোয় এ ব্যবধান সর্বনিম্ন। গবেষণাটিতে সহায়তা করা এবিআরডিএন ফাইন্যান্সিয়াল ফেয়ারনেস ট্রাস্টের প্রধান নির্বাহী মুবিন হক বলেন, মহামারীতে নির্বাহী ও কর্মীর মধ্যকার বেতনের অনুপাতে পতন প্রমাণ করে যে পরিবর্তন সম্ভব। যেহেতু ক্রমবর্ধমান মূল্যস্ফীতি পরিবারগুলোয় আঘাত করতে শুরু করেছে, সেহেতু বেতনের ন্যায্যতা নিশ্চিত করা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি বলেন, আমরা আর অতীত অনুশীলনে ফিরে যেতে চাই না। আমরা মহামারীর আগে দেখেছি প্রতি বছর প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মীদের বেতনের ব্যবধান প্রশস্ত হয়েছে। এখন আমরা সেই স্বাভাবিকতায় ফিরে যেতে চাই না। যদিও সাম্প্রতিক তথ্য সেই প্রবণতায় ফিরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। অনেক প্রতিষ্ঠান শীর্ষ নির্বাহীদের বেতন ব্যাপক হারে বাড়িয়ে তুলছে।

যুক্তরাজ্যের ট্রেড ইউনিয়নের একটি ফেডারেশন ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক ফ্রান্সেস ও’গ্র্যাডি বলেন, বর্তমানে আমরা ভয়াবহ এক সংকটের মুখোমুখি হয়েছি। লাখ লাখ মানুষ জীবনযাত্রার ব্যয় মোকাবেলায় হিমশিম খাচ্ছে। এ অবস্থায় নিম্ন আয়ের কর্মীদের জন্য মজুরি বৃদ্ধি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদিও বেতন বৈষম্য কমার পরিবর্তে বরং ক্রমেই বাড়ছে।

তিনি বলেন, ন্যায্যতা প্রদানে বেতন বৈষম্য কমিয়ে আনার সময় এসেছে। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় পরিবারগুলোকে গভীর সংকটে ফেলে দিয়েছে। এ পরিস্থিতিতে তাদের সহায়তা করার জন্য আমাদের একটি জরুরি বাজেট দরকার। পাশাপাশি বেতনের ব্যবধান কমিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করা একটি দুর্দান্ত সুযোগ হবে।