৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কাছ থেকে নেয়া ঋণের পরিমাণ ৮৪ কোটি ৫৯ লাখ টাকা দেখিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি লিবরা ইনফিউশনস লিমিটেড। তবে এ ঋণের পরিমাণ ১০৮ কোটি ২২ লাখ টাকা হবে বলে জানিয়েছে কোম্পানিটির নিরীক্ষক শফিক বসাক অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। সে হিসাবে কোম্পানিটি ২৩ কোটি ৬৩ লাখ টাকার ব্যাংকঋণ কম দেখিয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

কোম্পানিটির নিরীক্ষক আরো জানিয়েছে, আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইউনিট-২-এর জন্য কোনো প্রকার অবচয় ধার্য করা হয়নি। এটি ধার্য করা হলে ৩ কোটি ৭৩ লাখ টাকা অতিরিক্ত খরচ হতো কোম্পানিটির। এছাড়া কোম্পানিটির ভবন ও ইউনিট নির্মাণের ক্ষেত্রে পুনর্মূল্যায়নজনিত বিলম্বিত কর ধার্য করা হয়নি।

৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরে লিবরা ইনফিউশনসের কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১ কোটি ১৬ লাখ টাকা। আগের হিসাব বছরে যেখানে কর-পরবর্তী নিট আয় হয়েছিল ১৫ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৭৮ পয়সা। যেখানে আগের বছরে শেয়ারপ্রতি আয় হয়েছিল ১ টাকা ৫ পয়সা। ২০২০ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ হাজার ২৬১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ২৬৯ টাকা।