গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) সর্বশেষ নিলামে দুগ্ধপণ্যের মূল্যসূচক ৫ শতাংশ কমেছে। এর আগের নিলামে মূল্যসূচক কমেছিল ৪ দশমিক ১ শতাংশ। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো মূল্যসূচকে পতন দেখা দেয়। বর্তমানে সূচক ১ হাজার ২২৩ পয়েন্টে অবস্থান করছে। গত বছরের অক্টোবরের পর এমন পতন আর দেখা যায়নি।

জিডিটির মূল্যসূচকের তথ্য বলছে, সর্বশেষ নিলামে দুগ্ধপণ্যের গড় দাম কমে ৪ হাজার ১৬৬ ডলারে নেমেছে। এদিন সর্বোচ্চ ২৫ হাজার ৭২৫ টন দুগ্ধপণ্য সরবরাহ করা হয়। এর মধ্যে বিক্রি হয়েছে ২৩ হাজার ২১৯ টন। নিলামে ১৪৯ জন ব্যবসায়ী ও প্রতিষ্ঠান অংশ নেন। এর মধ্যে বিজয়ী হয়েছেন ১০৯ জন।

নিলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে বিবেচিত ননিযুক্ত গুঁড়ো দুধ (ডব্লিউএমপি)। এটি থেকে খামারিরা সরাসরি মুনাফা লাভ করেন। সর্বশেষ নিলামে পণ্যটির দাম ৫ দশমিক ১ শতাংশ। প্রতি টন বিক্রি হয়েছে গড়ে ৩ হাজার ৭৫৭ ডলারে।

এদিকে মূল্যসূচক কমে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ননিবিহীন গুঁড়ো দুধ (এসএমপি)। পণ্যটির দাম ৮ দশমিক ৬ শতাংশ কমেছে। প্রতি টন লেনদেন হয়েছে ৩ হাজার ৭০৯ ডলারে। এছাড়া মাখনের দাম ২ দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩০ ডলারে। চেডার পনির বিক্রি হয়েছে ৪ হাজার ৮২৫ ডলারে, যা আগের নিলামের তুলনায় ২ শতাংশ কম। এছাড়া অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাটের দাম ২ দশমিক ১ শতাংশ কমে ৫ হাজার ৫৮০ ডলারে নেমেছে।