যুক্তরাজ্যের পরবর্তী খাদ্য সংকটে যুক্ত হচ্ছে আপেল ও নাশপাতির মতো জনপ্রিয় ফল। ব্রিটিশ চাষীরা নতুন মৌসুমে প্রয়োজনীয় গাছের মাত্র এক-তৃতীয়াংশ রোপণ করছেন। মূলত সুপারমার্কেট থেকে আয় কমে আসার প্রভাব পড়েছে এই খাতে। খবর দ্য গার্ডিয়ান।

এ শিল্পের প্রায় ৮০ শতাংশের প্রতিনিধিত্ব করে ব্রিটিশ অ্যাপল অ্যান্ড পিয়ার্স ট্রেড অ্যাসোসিয়েশন। সংস্থার প্রধান আলি ক্যাপার জানান, যুক্তরাজ্যের সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে স্বাভাবিক উৎপাদন বজায় রাখতে প্রতি বছর ১০ লাখ নতুন গাছ লাগাতে হবে।

প্রাথমিকভাবে এই বছর কৃষকরা চার লাখ ৮০ হাজার আপেল ও নাশপাতি গাছের অর্ডারের পরিকল্পনা করেছিলেন। কিন্তু তা কমিয়ে আনা হয়েছে তিন লাখ ৩০ হাজারে।

বিনিয়োগের অভাবের মূল কারণ হিসেবে ‘সুপারমার্কেটের রিটার্ন টেকসই নয়’ বলে উল্লেখ করেন ক্যাপার।

তিনি বলেন, নানান খাতে ফল চাষিদের খরচ প্রায় ২৩ শতাংশ বেড়েছে। কিন্তু আয় বেড়েছে এক শতাংশের কম। এ কারণে অনেকে বাগান ছেড়ে দেয়ার পরিকল্পনা করেছেন।

এরই মধ্যে একাধিক সবজি জাতীয় পণ্যের ঘাটতির সম্মুখীন হয়েছে ব্রিটেন। চলতি সপ্তাহে এ তালিকায় আছে টমেটো, শসা ও মরিচসহ আরো কিছু পণ্য।

স্পেন ও উত্তর আফ্রিকার শীতল আবহাওয়ার কারণে সরবরাহ ব্যবস্থা সংকটে পড়েছে। এর ওপর ব্রিটিশ ও ডাচ চাষিরা বর্ধিত খরচ মেটাতে হিমশিম খাচ্ছে।

যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্কদের প্রায় পঞ্চমাংশ (১৮ শতাংশ) জানান, গত দুই সপ্তাহে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর ঘাটতি অনুভব করেছেন তারা। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অনুসারে, এক বছর আগের তুলনায় এই হার ১৩ শতাংশ বেশি।