গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ভ্রমণ ও অবকাশ খাতের তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১২০ কোটি ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের শেয়ার লেনদেন হয়েছে। এ লেনদেন নিয়ে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ লেনদেনের তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি।
ডিএসইর তথ্য অনুসারে, গত সপ্তাহে ৫৭ লাখ ৪৯ হাজার ৮৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৪ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর এ সময়ে ১ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ১০ সেপ্টেম্বর সি পার্ল বিচ রিসোর্টের শেয়ারদর ছিল ১৫১ টাকা ৬০ পয়সা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২০৮ টাকা ৬০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ১৩৩ টাকা থেকে ৩২৮ টাকায় লেনদেন হয়েছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সি পার্ল বিচ রিসোর্টের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২৮ পয়সায়। ২০২২-২৩ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ১৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৫ পয়সা।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য উদ্যোক্তা পরিচালক বাদে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সি পার্ল বিচ রিসোর্ট। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬১ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৭৭ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০ টাকা ৬৩ পয়সায়।










