চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ৫ গুণের বেশি। আজ সোমবার  প্রকাশিত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪৯ পয়সা (পুনর্মূল্যায়িত), আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪২ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২ টাকা ৭ পয়সা বা ৫ দশমিক ৩০ গুণ। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৪ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১২ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৯ পয়সা।

এদিকে কোম্পানিটির কর্নস্টার্চ ইউনিটের বাণিজ্যিক উৎপাদন পুরোদমে গতকাল থেকে শুরু হয়েছে। ইউনিটটির যন্ত্রপাতির সমস্যা পুরোপুরি সমাধানের পর এ উৎপাদন শুরু করা হয়েছে। এখান থেকে প্রতি বছর কোম্পানিটির আয় আনুমানিক ৩২ কোটি টাকা বৃদ্ধি পাবে। 

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সালভো কেমিক্যাল। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ৩৪ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩০ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানটির এনএভিপিএস দাঁড়ায় ১২ টাকা ৬৯ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ৪৬ পয়সা। ডিএসইতে আজ কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর ছিল ৬২ টাকা ৮০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১২ টাকা ৮০ পয়সা ও ৬৫ টাকা ৮০ পয়সা।