এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীরা অংশগ্রহণ করবেন। এতে বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা শক্তিশালীকরণ, বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবেলা এবং ডব্লিউটিওর ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে অংশ নিতে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল গতকাল ক্যামেরুনের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বাধীন এ প্রতিনিধি দলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। আগামী ১ এপ্রিল তাদের দেশে ফেরার কথা রয়েছে।
সম্মেলনে স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে বাংলাদেশ বাণিজ্য সুবিধা, ডিউটি ও কোটামুক্ত বাজারে প্রবেশাধিকার, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো তুলে ধরবে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সম্মেলনের বিভিন্ন সেশন ও পার্শ্ব বৈঠকে অংশগ্রহণ করবেন। পাশাপাশি বিভিন্ন দেশের বাণিজ্যমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এসব বৈঠকে বাংলাদেশের রফতানি সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, ডব্লিউটিওর মিনিস্টারিয়াল কনফারেন্স সংস্থাটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম, যেখানে সদস্য দেশগুলো বৈশ্বিক বাণিজ্য নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে।










