চলতি বছরের মে মাসে থাইল্যান্ডের শিল্পোৎপাদন কারখানার উৎপাদন আশঙ্কাজনকভাবে নিম্নমুখী হয়েছে। মূলত চীনের বন্দর শহরে লকডাউনের কারণে সরবরাহ সংকট দেখা দেয়। গাড়ি উৎপাদনে সরবরাহ সংকটসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের চালানে বিঘ্ন ঘটে। এর প্রভাব পড়ে থাইল্যান্ডের শিল্পোৎপাদন কারখানায়। খবর ব্যাংকক পোস্ট।

বছরের জুনে থাইল্যান্ডের উৎপাদন স্থিতিশীল পর্যায়ে থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চীনের বিধিনিষেধও ক্রমে শিথিল হতে শুরু করেছে। এর ধারাবাহিকতায় থাইল্যান্ডের শিল্পোৎপাদন খাত পুনরুদ্ধারের আভাস পাওয়া যাচ্ছে। এতে আরো অবদান থাকবে দেশের পর্যটন খাতেরও।

এদিকে চলতি বছরের মে মাসে থাইল্যান্ডের শিল্পোৎপাদন সূচক গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ১১ শতাংশ সংকুচিত হয়েছে। গাড়িসহ হার্ডডিস্ক ড্রাইভ ও প্লাস্টিক পেলেটের স্বল্পোৎপাদন এতে অবদান রেখেছে।

মে মাসে দেশটির গাড়ি উৎপাদন ৯ দশমিক ১১ শতাংশ কমেছে। হার্ডডিস্ক ড্রাইভ উৎপাদন কমেছে ২৯ দশমিক ৭ শতাংশ। প্লাস্টিক উৎপাদন কমেছে ১৫ দশমিক ৬ শতাংশ। তবে গত মাসেও জ্বালানি তেল পরিশোধন ও কয়েকটি ইলেকট্রনিক যন্ত্রের বার্ষিক উৎপাদন অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী ছিল।