চীনে প্রস্তুতকৃত মডেল থ্রি গাড়ির নতুন ভার্সন নিয়ে এসেছে টেসলা। এর মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের আগেই কোনো গাড়িকে চীনে উন্মোচন করতে যাচ্ছে টেসলা। নতুন মডেল থ্রি গাড়িটি আগের তুলনায় দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

চীন বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজার এবং টেসলার জন্যও যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় বৃহত্তম বাজার। নতুন মডেল থ্রি তৈরি হচ্ছে সাংহাই কারখানায়, যা কিনতে হলে ক্রেতাদের আগের ভার্সনের চেয়ে ১২ শতাংশ বেশি মূল্য গুনতে হবে। একই সময় টেসলা চীন ও যুক্তরাষ্ট্রের বাজারে তাদের প্রিমিয়াম মডেল এস ও মডেল এক্স গাড়ির দাম কমিয়েছে প্রায় ১৪ ও ২১ শতাংশ। মডেল থ্রি গাড়িটি চীন থেকেই মধ্যপ্রাচ্য ও এশিয়ার অন্যান্য দেশে রফতানি করা হবে।

খাত সংশ্লিষ্টদের ধারণা, টেসলার ওয়াই মডেলের পর সর্বাধিক বিক্রিত গাড়ি মডেল থ্রির ভিত্তিমূল্য বৃদ্ধি কোম্পানিটির প্রবৃদ্ধি ধরে রাখতে সাহায্য করতে পারে। তবে অন্যান্য মডেলের গাড়িগুলোর মূল্যহ্রাস বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতাদের ওপর ক্রমাগত চাপ প্রয়োগ করবে। বিশেষ করে চীনের বাজারে দেশটির গাড়ি নির্মাতা বিওয়াইডির সঙ্গে মূল্যযুদ্ধে রয়েছে টেসলা। ২০২০ সালে বিশ্বব্যাপী সর্বাধিক বিক্রিত মডেল ওয়াই চালুর পর মডেল থ্রির এ আপডেট ভার্সন ছিল টেসলার গণবাজারে গাড়ির লাইনআপে প্রথম পরিবর্তন।

টেসলা এখনো গাড়িটিকে যুক্তরাষ্ট্রের বাজারে উন্মোচনের ঘোষণা দেয়নি। তবে কিছু গাড়িতে ৫ হাজার ডলার পর্যন্ত মূল্যছাড় ঘোষণা দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে সরবরাহের জন্য ক্যালিফোর্নিয়ার কারখানায় মডেল থ্রি নির্মাণ করে টেসলা।